গণতন্ত্র কায়েম করো, বাম গণতান্ত্রিক সরকার গড়ো, শোষণ বৈষম্য উচ্ছেদ করো। কত সুন্দর সমাজ উন্নয়নের কথামালা নিয়ে কমিউনিস্ট পার্টির পথ চলা। হাজার বছরের ইতিহাসে বারবার সংগ্রাম ও রক্তক্ষয়ী সংগ্রাম চেষ্টা করা হয়েছে কিন্তু এই তিনটের একটাও প্রতিষ্ঠিত করা যায়নি। গণতন্ত্র এখন আইসিইউতে, বাম গণতান্ত্রিক সরকার গড়ে গণতন্ত্রকে খুঁজতে আইসিইউর বারান্দা দিয়ে ঘুরছে আমাদের বাম গণতান্ত্রিক জোট। আর শোষণচবৈষম্য প্রতিটা বাড়িতে বিছানায় শুয়ে জানালা দিয়ে তাকিয়ে তামাশা দেখছে। অনেক দূরে নাই-বা গেলাম। ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণাপত্র অনুযায়ী সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যদা পাওয়ার কথা ছিল এই দেশের প্রতিটা নাগরিকেরই কিন্তু আজ ২০২৬ সালে এসেও তার লেশমাত্র দেখতে পায়নি আমাদের মতো সাধারণ জনগণ। আর ধর্ময নিরপেক্ষতা ও সমাজতন্ত্র তো স্বপ্নই রয়ে গেল।

বারবার দেখেছি শুধু ধনীক গোষ্ঠীর চলার পথ পরিষ্কার হয়েছে বিভিন্নভাবে। শাসন ক্ষমতায় যেই যখন এসেছে, ভোটেই আসুক বা বিনা ভোটেই আসুক, জনগণের পক্ষে থাকার কথা বলে সেটা আর রক্ষা করতে পারেনি বা করেনি অদৃশ্য কারণে। কি সেই অদৃশ্য কারণ তা যদি নির্ণয় করে তার উপযুক্ত দাওয়াই দিতে না পারে, তবে বাম গণতান্ত্রিক জোটের চিল্লাপাল্লা করা ছাড়া আর কিছুই করার নেই আমার মনে হয়। বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গণতান্ত্রিক অধিকার পদদলিত হয়েছে সুপরিকল্পিতভাবে। আমাদের নিজেদের দুর্বলতাকে পুঁজি করে, আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি করে, ওরা এই সুযোগ কাজে লাগিয়েছে। কর্তৃত্ববাদী স্বৈরাচারী পরিবারতান্ত্রিক, ফ্যাসিবাদি দুঃশাসন কায়েম হয়েছে বারবার আবার সেটার অভ্যুত্থানে পতনও হয়েছে।
তবে এই ২৪ শের অভ্যুত্থান আমাদের মনে আশার সঞ্চার করেছিল। রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার সম্ভাবনা তৈরি হলেও তা যেন শেষ হইয়াও হইলো না শেষ কোনো এক অদৃশ্য থাবায়। কেননা রাষ্ট্র সমাজ ও শাসকদের মূল চরিত্রের কোনো পরিবর্তন হয়নি বা হবে বলে আমার মনে হয় না। বার বারই বর্জুয়া রাজনীতির দেউলিয়াত্ব হয়েছে। লুটেরা সাংবিধানিক কাঠামোর কোনো পরিবর্তন কখনোই হয়নি। আর তাই তো “এতদিন খাইনি, এখন খাবো গোষ্ঠী” ওপেন চ্যালেঞ্জে তাদের স্বপ্ন বাস্তবায়নে চেষ্টা করে যাচ্ছে।
অপরদিকে সাম্প্রদায়িক মৌলবাদ সু-কৌশলে তাদের পথে তারা এগিয়ে যাচ্ছে। আমরা যারা বাম ধারার সাথে জড়িত তাদের শক্তিহীনতা, প্রান্তিক অবস্থার দুর্বলতা ও কৌশলগত ভুলে আমরা কাজে লাগাতে পারিনি সঠিক সময়কে। আমাদের দেশে প্রকৃত গণতান্ত্রিক শক্তি গড়ে না উঠলে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িক মৌলবাদের উত্থান কোনোদিনই ঠেকানো কখনো সম্ভব নয়।






Users Today : 0
Views Today :
Total views : 183608
