ঋতুচক্রের পালাক্রমে এখন চলছে আষাঢ় মানে বর্ষাকাল। এখন হঠাৎ করেই বাইরে শুরু হয়ে যায় ঝুমবৃষ্টি। আর এমন দিনে খিচুড়ি ছাড়া চলে? বৃষ্টির হিম হাওয়া আর গরম গরম খিচুড়ি মিলে জমে যায় খাবার টেবিল। তাই আপনাদের জন্য আমাদের আজকের আয়োজন মজাদার ইলিশ খিচুড়ি ও নরম খিচুড়ি।
শুধু বর্ষাকালেই নয়, অন্য সময়েও রান্না করতে পারবেন বাসায়। চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন।
ইলিশ খিচুড়ি

যেসব উপকরণ বাসায় থাকে, তা দিয়েই রান্নাটি করতে পারবেন। আজ আমরা পরিবারের চার-পাঁচজনের খাবারের জন্য রান্নার উপকরণ ও পরিমাণ কতটা কী লাগবে সেভাবেই বলছি। আপনি আপনারমতো কম-বেশি করে রান্না করতে পারবেন।
উপকরণ
১. তেল (পরিমাণমতো), ২. ইলিশ মাছ (একটি), ৩. সরিষা বাটা (এক টেবিল চামচ), ৪. পেঁয়াজ বাটা (এক চা চামচ), ৫. হলুদ গুঁড়া (দুই চা চামচ), ৬. মরিচ গুঁড়া (দুই টেবিল চামচ), ৬. লবণ (স্বাদমতো), ৭. পেঁয়াজ কুচি (এক কাপ), ৮. পানি (পরিমাণমতো), ৯. গরম মসলার গুঁড়া (এক টেবিল চামচ), ১০. আদা বাটা (এক চা চামচ), ১১. জিরার গুঁড়া (এক চা চামচ), ১২. চাল (এক কাপ), ১৩. মুগডাল (এক কাপ), ১৪. ঘি (এক টেবিল চামচ), ১৫. আস্ত কাঁচামরিচ (৮-১০টি)।
রান্নার প্রক্রিয়া
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিন। প্যান বা কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ভেজে নিন। এবার অন্য একটি বাটিতে ইলিশ মাছের টুকরো, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। এবার মসলায় মাখানো মাছের টুকরোগুলো ভাঁজা পেঁয়াজ দিয়ে কষিয়ে নিন।
অন্য একটি ফ্রাইপ্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি ছেড়ে সামান্য পানি দিয়ে নিন। এবার সব মসলা (হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মসলার পাউডার, আদা বাটা, জিরার গুঁড়া) দিয়ে একটু নেড়ে নিন। এরপর চাল ও ডাল দিয়ে দিন। একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিন। মুগডালটা ভেজে একটু সেদ্ধ করে নিতে পারেন। আর আপনারা চাইলে আপনাদের পছন্দমতো যেকোনো ডাল (মসুর, মটর, মাষকলাই) দিয়ে এই রান্না করতে পারেন। ডাল-চাল কষে এলে ইলিশ মাছের টুকরোগুলো ঘি দিয়ে ঢেকে রান্না করুন।
রান্না হয়ে এলে সবশেষে কাঁচামরিচ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। দেখবেন দারুণ চমৎকার খিচুড়ি ইলিশ রান্না হয়ে গেল কত ঝটপট।
সতর্কতা
এই রান্নায় রসুন ব্যবহার করা যাবে না। রসুন ইলিশ মাছের ঘ্রাণ নষ্ট করে দেয়।
নরম খিচুড়ি
উপকরণ

গাজর টুকরো করে রাখা ১-২ কাপ, ১-২ কাপ পাতাকপি, মুগডাল ১-২ কাপ, পেঁপে পরিমাণমতো, টমেটো কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ ফালি ৫টি, রসুন বাটা ১চা চামচ, আদা বাটা ১চা চামচ, লবণ স্বাদমতো, হলুদগুঁড়া ১চা চামচ, জিরাগুঁড়া হাফ চা চামচ, ধনেপাতা ২ টেবিল চামচ, তেল ২ চামচ, গরম মসলার গুঁড়া ১চা চামচ।
প্রস্তুত প্রণালি
মুগডাল হালকা করে ভেজে প্রথমে শুকনা প্যানে রাখুন। খিচুড়ির স্বাদ এতে ভালো হয়। বড়ো একটি প্যানে তেল গরম করে তাতে রসুন বাটা, হলুদগুঁড়া, আদা বাটা, জিরাগুঁড়া ও লবণ দিয়ে কষিয়ে নিন। যেহেতু একদম কম পরিমাণে তেল ব্যবহার করা হয়েছে, তাই সামান্য পানি দিয়ে মসলা কষাতে হবে। যদি পাতলা খিচুড়ি খেতে চান, তাহলে একটু বেশি পানি দিতে হবে।
ভেজে রাখা মুগডালের সঙ্গে পরিমাণমতো পানি যোগ করুন ও ঢাকনা দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ কমিয়ে রান্না করুন। পানি কিছুটা টেনে এলে কাঁচামরিচ ফালি, টমেটো কুচি, ধনেপাতা ও গরম মসলার গুঁড়া দিয়ে আবারও কিছু সময়ের জন্য দমে রাখতে হবে। সবজি ও ডাল সেদ্ধ হয়েছে কিনা দেখে নিন।
খিচুড়ির ঘনত্ব নিজের পছন্দমতো হলে চুলা থেকে নামিয়ে ফেলুন। ব্যস, হয়ে গেল সবজি দিয়ে গরম নরম খিচুড়ি!





Users Today : 7
Views Today : 9
Total views : 175513
