বিভাগীয় সম্পাদক ■ করোনা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের ৩৫ লাখ পরিবারকে আজ ২ মে রবিবার থেকে ইলেকট্রনিক ট্রান্সফার ফান্ডের (ইএফটি) মাধ্যমে সরাসরি অর্থ সহায়তা প্রেরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে দশটায় গণভবন থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী এসময় ভোলা জয়পুরহাট এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্সের যুক্ত হবেন।
উল্লেখ্য, গত বছর করোনা মহামারির কারণে যে সকল নিম্নআয়ের লোকজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং কর্মহীন হয়ে পড়েছিল তাদেরকে সহায়তার জন্য ‘নগদ আর্থিক সহায়তা প্রদান’ কর্মসূচি চালু করা হয়েছিল। গত বছর করোনায় ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্ন আয়ের পরিবারকে পরিবার প্রতি ২৫০০ টাকা করে মোট ৮৮০ কোটি টাকা আর্থিক সহায়তা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়। এ বছরও একই উদ্যোগ নিয়েছে সরকার।
এর আগে গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্নআয়ের পরিবারকে ২৫০০ টাকা করে মোট ৮৮০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। এ ৩৫ লাখ পরিবারকে ইএফটি এর মাধ্যমে তাদের নির্দিষ্ট মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বা ব্যাংক অ্যাকাউন্টে অর্থ সহায়তা সরাসরি প্রেরণ করা হবে।
অতিদরিদ্র, কর্মহীন নিম্নআয়ের জনগোষ্ঠী যাতে এ কার্যক্রমের আওতায় আসে সে লক্ষ্যে বরাদ্দ প্রদানের ক্ষেত্রে দুর্যোগপ্রবণ, অতিদরিদ্র এলাকা এবং জনসংখ্যার অনুপাত বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে, দিনমজুর, কৃষক, শ্রমিক, পরিবহন শ্রমিক ইত্যাদি পেশার নিম্নআয়ের লোকজন যাতে এ আর্থিক সহায়তা পায় তা নিশ্চিত করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রকৃত দরিদ্র ব্যক্তি চিহ্নিত করা হয়েছে যাতে কেবল প্রকৃত অতিদরিদ্র জনগোষ্ঠী এ অর্থ পায়।





Users Today : 4
Views Today : 6
Total views : 184310
