বিভাগীয় সম্পাদক ● লালমনিরহাট জেলা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ৩১ মে শনিবার রাত ১০টার পরে শহরের আলোরুপা মোড়ের পার্টি অফিসে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত ১০টার পর ৪/৫টি মোটরসাইকেলে কয়েকজন এসে পার্টি অফিসের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। আলমারি, রুম ও সেখানে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করে। কিছু আসবাবপত্রে আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে স্থানীয়রা আগুন নেভান।
এই আগুন লাগার পরপর স্থানীয়রা বিদ্যুৎ, দমকলসহ জরুরি সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে খবর দেন। এই ঘটনায় তারা নিজেদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক ওয়াদুদ হোসেন জানান, একটি নম্বর থেকে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার খবর আসে। কিছুক্ষণ পর একই নম্বর থেকে আগুন নিভিয়ে ফেলার খবর দেয়। এ কারণে আমাদের কোনো ইউনিট সেখানে কাজ করেনি।
লালমনিরহাট সদর থানার ওসি জাতীয় পার্টির অফিসে আগুন লাগার ঘটনাটি ১০টা ৪০ মিনিটে শুনেছেন বলে নিশ্চিত করলেও বিশদ কিছু জানাননি।





Users Today : 135
Views Today : 174
Total views : 182022
