বিভাগীয় সম্পাদক ● রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিন জন করোনা আক্রান্ত ছিলেন এবং বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ ৯ জুলাই শুক্রবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার ৮ জুলাই সকাল ৮টা থেকে শুক্রবার ৯ জুলাই সকাল ৮টা পর্যন্ত মৃত ১৮ জনের মধ্যে রাজশাহীরই ১০ জন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের দুই জন, নাটোরের দুই জন, নওগাঁর দুই জন, কুষ্টিয়ার এক জন ও সিরাজগঞ্জের এক জন রয়েছেন।
শামীম ইয়াজদানী বলেন, ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও পাঁচ জন নারী। তাদের পাঁচ জনের বয়স ৬১ বছরের উপরে। আর ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৪১ থেকে ৫০ বছরের চার জন, ৩১ থেকে ৪০ বছরের এক জন, ২১ থেকে ৩০ বছর বয়সের দুই জন ও ১১ থেকে ২০ বছর বয়সের একজন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ৭৪ জন ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫২ জন। এ দিন সকাল পর্যন্ত ৪৫৪ শয্যার বিপরীতে চিকিৎসাধীন আছেন ৫০১ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইউসিইউ) ২০ জন চিকিৎসাধীন রয়েছেন।
শামীম ইয়াজদানী জানান, রাজশাহীতে করোনা সংক্রমণের হার আরও কমেছে। বৃহস্পতিবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৭৯টি নমুনা পরীক্ষায় ৮৮ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ১৮ দশমিক ১৬ শতাংশ, যা আগের দিনের তুলনায় আট দশমিক ৪১ শতাংশ কম। আগের দিন বুধবার করোনা শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৫৭ শতাংশ। এর আগে মঙ্গলবার ছিল ২১ দশমিক ৯২ শতাংশ ও সোমবার ২৯ দশমিক ০৩ শতাংশ।





Users Today : 60
Views Today : 68
Total views : 189233
