বিভাগীয় সম্পাদক ● দক্ষিণ আমেরিকার ব্রাজিলের পেট্রোপলিস শহরে বন্যা ও ভূমিধসে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। গত মঙ্গলবার রিও ডি জেনিরোর উত্তরের পাহাড়ি পর্যটন শহর পেট্রোপলিসে প্রবল বৃষ্টির পর বন্যা ও ভূমিধস হয়। খবর বিবিসি, এএফপি।
বন্যা ও ভূমিধসে ওই এলাকার ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। শহরের রাস্তাও পানিতে ভেসে গেছে। রাস্তায় থাকা গাড়িগুলো পানিতে ভাসতে দেখা যায়। এই পরিস্থিতিতে শহরের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। অনুসন্ধান ও উদ্ধারকারী দলের সদস্যরা কাদায় চাপা পড়া জীবিত ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন ।
ব্রাজিলের সিভিল ডিফেন্স সামাজিক মাধ্যম টুইটে জানিয়েছে, এখন পর্যন্ত ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, প্রাণহানি হয় ৯৪ জনের।
আশ্রয়ের খোঁজে স্থানীয় একটি গির্জায় যাচ্ছিলেন শহরের বাসিন্দা ওয়েন্ডেল পিও লরেনকো (২৪)। তিনি জানান, ‘আমি একটি কন্যাশিশুকে মাটির নিচে চাপা পড়ে থাকতে দেখেছি। শহরে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছে।’
রাশিয়ায় সরকারি সফরে থাকা ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো বলেন, তিনি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তাৎক্ষণিক সহায়তা দিতে নির্দেশ দিয়েছেন।
পেট্রোপলিস শহরে ১৮০ জনের বেশি সেনা মোতায়েন করা হয়েছে। উদ্ধারকারীদের বিশেষ দল স্থানীয় সময় গতকাল বুধবার সেখানে পৌঁছাতে পারে।
বন্যা ও ভূমিধসে শহরের বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটিতে অন্তত ৮০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে।
জনপ্রিয় পর্যটন শহর পেট্রোপলিস একসময় ব্রাজিলের ক্ষমতাধর ব্যক্তিদের গ্রীষ্মকালীন বাসস্থান ছিল। কিন্তু অবস্থানগত কারণে শহরটি ভূমিধসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ।





Users Today : 51
Views Today : 59
Total views : 189224
