করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে আগ্রহীদের জন্য ফের শুরু হচ্ছে নিবন্ধন কার্যক্রম। আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) ফের অনলাইনে সুরক্ষা প্ল্যাটফর্মে এই নিবন্ধন কার্যক্রম শুরু হবে। এবারে এই নিবন্ধনের জন্য সর্বনিম্ন বয়সসীমা রাখা হচ্ছে ৩৫ বছর।
সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশিদ আলম এবং অধিদফতরের অসংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ কর্মসূচির পরিচালক ও মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিজি হেলথ ডা. খুরশিদ আলম সারাবাংলাকে বলেন, কোভিশিল্ড ভ্যাকসিনের মজুত শেষের পথে থাকায় ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধনের সুযোগ বন্ধ ছিল। আগামী বৃহস্পতিবার থেকে আবার সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধন করতে পারবেন সবাই।
তিনি আরও বলেন, ‘বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার ভ্যাকসিন প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারবেন। রোববার (৪ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের সভাপতিত্বে ভ্যাকসিন ব্যবস্থাপনার এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।’
সুরক্ষায় নিবন্ধনের জন্য আগের মতোই শর্ত থাকছে কি না— জানতে চাইলে ডা. রোবেদ আমিন বলেন, এর আগে ভ্যাকসিন নেওয়ার জন্য ন্যূনতম ৪০ বছর বয়স প্রয়োজন হতো। এখন ৩৫ বছরের বেশি বয়সী যে কেউ ভ্যাকসিন নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া শিক্ষার্থী ও প্রবাসীসহ অন্য যাদের ভ্যাকসিন দেওয়া হবে, তারাও নিজ নিজ কর্তৃপক্ষের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য উন্মুক্ত করে সুরক্ষায় নিবন্ধন করতে পারবেন।





Users Today : 9
Views Today : 9
Total views : 182158
