বিভাগীয় সম্পাদক ● নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। ৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির সরকারি বাসভবন বালুওয়াতারে মন্ত্রিসভার বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন। খবর সূত্র: কাঠমান্ডু পোস্ট।
মন্ত্রিসভায় উপস্থিত এক মন্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, কাঠমান্ডুতে ১৭ জন ও ইতাহারিতে ২ জনসহ মোট ১৯ জন নিহত এবং চার শতাধিক মানুষ আহত হওয়ার পর লেখক নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করেন। নিহতদের বেশির ভাগই ছিলেন সোমবারের জেন-জি বিক্ষোভকারীদের অংশ।
এর আগে দিনভর দলীয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা। কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবা নীরব থাকলেও লেখক বৈঠকেই নিজের পদত্যাগের সিদ্ধান্ত জানান এবং পরে তা মন্ত্রিসভার বৈঠকে আনুষ্ঠানিকভাবে পেশ করেন।
রমেশ লেখক গত বছর ১৫ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন।
যুবসমাজের নেতৃত্বে শুরু হওয়া জেন-জি বিক্ষোভ ধীরে ধীরে দেশজুড়ে ছড়িয়ে পড়েছে। দুর্নীতি ও জবাবদিহির অভাবের বিরুদ্ধে এই আন্দোলন সোমবার আরও তীব্র আকার নেয়। রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে পুলিশ গুলি চালালে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
সোমবারের রক্তক্ষয়ী ঘটনায় সরকারের ওপর রাজনৈতিক চাপ বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের ঘোষণা এলো।
প্রধানমন্ত্রী ওলি এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাননি। তবে দেশজুড়ে বিক্ষোভের বিস্তার এবং সরকারের ওপর চাপ বাড়ায় নেপালি রাজনীতিতে অচলাবস্থা আরও জটিল হয়ে উঠেছে।





Users Today : 17
Views Today : 20
Total views : 175524
