বিভাগীয় সম্পাদক ● জাতীয়করণের দাবিতে আন্দোলনে যোগ দিতে অননুমোদিতভাবে যেসব শিক্ষক ক্লাসে অনুপস্থিত আছেন তাদের তালিকা চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের ঢাকা অঞ্চল। ২৩ জুলাই রবিবার ঢাকার উপরিচালকের কার্যালয় থেকে জারি হওয়া অফিস আদেশটি আজ ২৪ জুলাই সোমবার প্রকাশিত হয়।
উপপরিচালক এএসএম আব্দুল খালেকের স্বাক্ষর করা চিঠিতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে আজ বেলা ১১টার মধ্যে তালিকা পাঠানো নির্দেশনা দেওয়া হয়।
চিঠিতে বলা হয়, আপনার অধীন যেসব শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক বা সহকারী শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে না জানিয়ে ২৩ জুলাই অননুমোদিতভাবে অনুপস্থিত রয়েছে তাদের নামের তালিকা ২৪ জুলাই সকাল ১১টার মধ্যে পাঠানোর জন্য নির্দেশ দেওয়া হলো।
উল্লেখ্য, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই থেকে বাংলাদেশ শিক্ষক সমিতির ব্যানারে শিক্ষকরা জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করে। এরই মধ্যে গত ১৯ জুলাই শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বেসরকারি শিক্ষক নেতারা। শিক্ষামন্ত্রী জাতীয়করণের বিষয়ে দুই কমিটি করে দেওয়ার ঘোষণা দেন।
একইসঙ্গে ২০ জুলাই থেকে শুরু হওয়া গ্রীষ্মকালীন ছুটিও বাতিল করা হয়। এরপর লাগাতার অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়ে তারা প্রেসক্লাবের সামনে অবস্থান করেন শিক্ষকরা।
শিক্ষামন্ত্রী সম্প্রতি বলেছেন, ‘শিক্ষার্থীদের জিম্মি করে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করা অন্যায়। সরকার শিক্ষক ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে।’
নাম প্রকাশ না করার শর্তে এক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের কর্মকর্তা বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে আন্দোলনে অংশ নিচ্ছে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’





Users Today : 2
Views Today : 2
Total views : 175446
