চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন যানবাহনে দশ দিনে ১১ হাজার ৭১২ মামলা দেয়া হয়েছে। এছাড়া আটক করা হয়েছে ৯৪৫টি যানবাহন। চট্টগ্রাম নগরের ট্রাফিক বিভাগের উত্তর ও বন্দর জোনের অধীনে গত ৫ থেকে ১৪ আগস্ট পর্যন্ত পালিত হওয়া ট্রাফিক সপ্তাহে এসব মামলা ও যানবাহন আটক করা হয়।
এছাড়া যানবাহনের মালিক ও চালকের বিরুদ্ধে ৩৫ লাখ ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। চলমান ট্রাফিক সপ্তাহে সবচেয়ে বেশি মামলা করা হয়েছে মোটর সাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বলেন, ‘গত ৫ আগস্ট শুরু হওয়া ট্রাফিক সপ্তাহে বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি মামলা হয়েছে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে। ট্রাফিক সপ্তাহের কারণে আমরা অনেক ইতিবাচক ফলাফল পেতে শুরু করেছি। ট্রাফিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে। এ অভিযান চলমান রাখা দরকার। তবেই নগরীর পরিবহন সেক্টর ধীরে ধীরে শৃঙ্খলার মধ্যে ফিরে আসবে।’
নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ৫ আগস্ট থেকে সারা দেশে ট্রাফিক সপ্তাহ পালানের ঘোষণা দেয় পুলিশ। গত শনিবার ট্রাফিক সপ্তাহ শেষ হওয়ার কথা থাকলেও তা আরও তিনদিন বাড়িয়ে মঙ্গলবার (১৪ আগস্ট) শেষ হয়।




Users Today : 11
Views Today : 11
Total views : 177973
