বিভাগীয় সম্পাদক ● ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে অব্যাহত রোগীর চাপ সামাল দিতে আইসিইউ সমমানের আরও ২৪টি শয্যা বাড়ানো হয়েছে। পঞ্চম তলায় আইসিইউ ইউনিটের পাশেই বাড়তি ২৪টি শয্যায় মুমূর্ষু রোগীদের হাইফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে গড়ে প্রতিদিন করোনা ইউনিটে সাড়ে চারশ’ রোগীর উপরে চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপ বেড়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ শয্যার সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেয়। আগের সাড়ে ৪শ’-সহ বর্তমানে ২৪টি সংযুক্ত করে মোট শয্যা সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৪টি। এছাড়া বাড়তি রোগীর চাপ সামলাতে ট্রায়াজ সিস্টেম এবং ফ্লু কর্নারকে আরও সক্রিয় করা হয়েছে।
ডা. মহিউদ্দিন খান আরও জানান, বর্তমানে হাসপাতালের করোনা ইউনিটে ৪৭৮ জন এবং আইসিইউতে ২১ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ৩২ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬৯৯টি নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে ১২ হাজার ৪৮৫জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ১৮৩ জন।





Users Today : 54
Views Today : 65
Total views : 177950
