বিবর্তন ডেস্ক (বি. স.) ● গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মারা গেছেন ২ হাজার ৯৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ২০১ জন করোনায় সংক্রমিত বলে শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬১৮ জনের।
আজ ৬ জুলাই সোমবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
ব্রিফিংয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৩ হাজার ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৮ লাখ ৬০ হাজার ৩০৭টি নমুনা।
পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২ দশমিক ৪৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪৫ দশমিক ৯৮ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৭ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩৩ জন পুরুষ এবং ১১ জন নারী। এখন পর্যন্ত মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ এক হাজার ৬৫৭ জন; যা শতকরা ৭৯ দশমিক ০৫ শতাংশ এবং নারী ৪৩৯ জন; যা শতকরা ২০ দশমিক ৯৫ শতাংশ।
২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৬ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১৫ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৬ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন রয়েছেন।
অঞ্চল বিবেচনায় ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১১ জন, বরিশাল বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ২ জন, সিলেটে ৩ জন, রংপুরে ২ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩৫ জন এবং বাসায় মৃত্যুবরণ করেছেন ৯ জন।
্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৬৭৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৬ হাজার ৭৯৪ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৫৯৮ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ১৪ হাজার ৭৫৫ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশন করা হয়েছে ৩১ হাজার ৫৪৯ জনকে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে কোয়ারেন্টিন করা হয়েছে ২ হাজার ১৭৮ জনকে। এখন পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার ১৭০ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৩৯ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৩৬৯ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৬৩ হাজার ৮০১ জন।
দেশে ৭৩টি ল্যাবের (পরীক্ষাগার) মধ্যে ৬৮টির পরীক্ষার ফল পাওয়া গেছে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, বন্যাকবলিত এলাকার মানুষ টিউবওয়েলের পানি বা নিরাপদ পানি ব্যবহার করবেন। বন্যাকবলিত এলাকায় পানিবাহিত রোগ থেকে রক্ষা পেতে খাবার ঢেকে রাখবেন। বাসি খাবার খাবেন না।





Users Today : 66
Views Today : 71
Total views : 182220
