বিবর্তন ডেস্ক (বি. স.) ● ঋণ খেলাপির দায়ে বেসরকারি ওয়ান ব্যাংকের চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরীকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। আজ ৬ জুলাই সোমবার এই তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘ঋণ খেলাপি হলে কেউ ব্যাংকের পরিচালক থাকতে পারেন না। সাঈদ হোসেন চৌধুরীকে সে কারণে বাংলাদেশ ব্যাংক অপসারণ করেছে।’
জানা যায়, ওয়ান ব্যাংকের চেয়ারম্যান ও এইচআরসি গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাঈদ হোসেন চৌধুরী। আর এ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এইচআরসি শিপিং লাইন্সের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে বেসরকারি স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে ঋণ সুবিধা নেন। তবে ঋণ পরিশোধে ব্যর্থতার দায়ে স্ট্যান্ডার্ড ব্যাংকের খেলাপির তালিকায় রয়েছে তার নাম।
এদিকে তার কাছ থেকে পাওনা আদায়ে বন্ধকিতে থাকা চট্টগ্রামের সম্পত্তি নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রিন্সিপাল শাখা।
উল্লেখ্য, সাঈদ হোসেন চৌধুরী ঢাকার সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরীর ভাই। তাদের বাবা হেদায়েত হোসেন চৌধুরী ছিলেন বিশিষ্ট শিল্পোদ্যোক্তা। তিনি পূর্ব পাকিস্তান চেম্বারের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।





Users Today : 64
Views Today : 69
Total views : 182218
