বিবর্তন ডেস্ক (বি. স.) ● ‘মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল ইউনাইটেড হাসপাতালের সংশ্লিষ্টরা। মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানো যায় না। এর দায় হাসপাতাল কর্তৃপক্ষের। দেড় মাস আগেই ফায়ার এক্সটিংগুইশারগুলো রিফিল করা উচিত ছিল’, বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ইউনাইটেড হাসপাতালে ফায়ার হাইড্রেন্ট থাকলেও তা ফায়ার সার্ভিস আসার আগে ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক (ঢাকা বিভাগ) দেবাশীষ বর্ধন। অগ্নিকাণ্ডের তদন্তে গঠিত কমিটির প্রধান দেবাশীষ বর্ধন ঘটনাস্থল পরিদর্শন শেষে আজ বৃহস্পতিবার গণমাধ্যমে এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আগুন আরও আগে লাগলেও আমরা কন্ট্রোল রুমে তথ্য পেয়েছি ৯টা ৫৫ মিনিটে। আমাদের লোকজন আপ্রাণ চেষ্টা করেছে। হসপিটাল কর্তৃপক্ষ বলছে, তারা ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছিল। কিন্তু সেগুলো মেয়াদোত্তীর্ণ ছিল। মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার তো কাজ করবে না। কাজ করেও নাই। আমাদের ইউনিটগুলো আসার পর দেখেছে দাউ দাউ করে আগুন জ্বলছে। অগ্নিনির্বাপণ করার পর আমরা পাঁচটি লাশ উদ্ধার করেছি।’
মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার রাখার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা—এমন প্রশ্নের জবাবে দেবাশীষ বর্ধন বলেন, ‘অবশ্যই। আমরা তদন্ত রিপোর্ট দাখিল করব। মেয়াদোত্তীর্ণ ফায়ার এক্সটিংগুইশার রাখার দায় হাসপাতালের। দেড়মাস আগেই রিফিল করা উচিত ছিল। হাসপাতালে ফায়ার হাইড্রেন্ট ছিল। কিন্তু আমরা আসার আগে কেউ কাজ করেনি। আমরা আসার পর একটা লাইন খোলা হয়।’
তিনি আরও জানান, ‘আগুন লাগার কারণ তদন্ত করতে গিয়ে বৈদ্যুতিক তার, বিভিন্ন ডিভাইস, এসির ভেতরে থাকা দাহ্য পদার্থ ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় রেখে কাজ করা হচ্ছে। ভেতরে এসি ছিল, অনেক ইলেকট্র্রিকাল ডিভাইস ছিল, এসিগুলো নেগেটিভ প্রেসারে ছিল। আমরা সবগুলো খতিয়ে দেখছি।’
ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের এই উপপরিচালক বলেন, ‘অবকাঠামো দেখে মনে হচ্ছে দায়সারাভাবে করোনা ইউনিট চালু করা হয়েছিল। এ ধরনের রোগীর ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দেওয়া দরকার ছিল। সরকারের নির্দেশনা অনুযায়ী, হাসপাতালগুলো আইসোলেশন সেন্টার করলেই হবে না, ফায়ার প্রটেকটিভ মেজারটাও রাখতে হবে। সার্বক্ষণিক একটি টিম অবশ্যই রাখা উচিত ছিল।’
অত্যন্ত বিপজ্জনক অবস্থায় আইসোলেশন সেন্টারে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল বলে মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, বুধবার রাত ৯টা ৫৫ মিনিটে ইউনাইটেড হাসপাতালের বর্ধিত অংশে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। তাদের তিনটি ইউনিট কাজ করে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পাঁচ জন রোগী মারা যান, যারা হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে ছিলেন। পাঁচ জনের মধ্যে চার জন পুরুষ ও এক নারী।





Users Today : 193
Views Today : 239
Total views : 182087
