বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৯৭৫ জন। এ পর্যন্ত একদিনে করোনার সংক্রমণে এটাই সর্বোচ্চ সংখ্যা। ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২১ জন। এ নিয়ে দেশে করোনায় সংক্রমিত হলেন মোট ৩৫ হাজার ৫৮৫ জন। মারা গেছেন ৫০১ জন।
আজ সোমবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
গতকাল রোববার দেশে করোনায় সংক্রমিত ১ হাজার ৫৩২ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ২৮ জন।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২১ জনের মধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম বিভাগের ৯ জন ও রংপুর বিভাগের ১ জন।
মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৯ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৪ জন , ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ২ জন মারা গেছেন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৩৩ জন। এ নিয়ে সর্বমোট ৭ হাজার ৩৩৪ জন সুস্থ হয়েছেন। ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯ হাজার ৪৫১ জনের করোনা পরীক্ষা করা হয়।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ২৮৪ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন চার হাজার ৬৫৩ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৯৫ জন, মোট ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ২৫৮ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৩৮৪ জনকে। এখন পর্যন্ত দুই লাখ ৬৫ হাজার ৮৬৩ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে। কোয়ারেন্টিন থেকে গত ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন দুই হাজার ১১২ জন, এখন পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ১০ হাজার ৪৫৮ জন। বর্তমানে মোট কোয়ারেন্টিনে আছেন ৫৫ হাজার ৪০৫ জন।
দেশে এখন ৪৮টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
করোনার ঝুঁকি এড়াতে অধ্যাপক নাসিমা সুলতানা সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহ্বান জানান।





Users Today : 54
Views Today : 58
Total views : 182207
