বিভাগীয় সম্পাদক ● শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, সরকার বাজার নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা সার্বিকভাবে বাজার নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে আমাদের দেশের ব্যসায়ীরা একটু বেশি সুযোগ নিচ্ছেন। কারণ আমরা ব্যবসায়ীদের নীতিমালার মধ্যে আনতে পারিনি।’
আজ ২৬ আগস্ট শুক্রবার সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘আমাদের দেশে সারের কোনও কমতি নেই। আমাদের নিজস্ব উৎপাদন রয়েছে। কৃষিকে বাঁচিয়ে রাখার জন্য আমরা কাজ করছি।’
এদিকে যারা সিন্ডিকেট করছে তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার বলেন, ‘বাংলাদেশে খাদ্য শস্যের কোনও অভাব নেই, সারের কোনো ঘাটতি নেই। গুদামে ছয় লাখ থেকে সাত লাখ মেট্রিক টন সার মজুত রয়েছে। করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে পুঁজি করে এক শ্রেণির ব্যবসায়ী দাম বাড়িয়ে সরকারের ভাবমূর্তি নষ্ট করেছে।’
এর আগে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহম্মেদ মজুমদার। এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।





Users Today : 9
Views Today : 10
Total views : 184453
