বিভাগীয় সম্পাদক ● করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউনের মধ্যে ঈদযাত্রা ঠেকাতে এবার দেশের গুরুত্বপূর্ণ দুটি ফেরিঘাটে (মাওয়া ও পাটুরিয়া) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের মোতায়েন করা হয়েছে। গতকাল ৮ মে শনিবার সন্ধ্যা বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মূলত জেলা প্রশাসনের চাহিদা অনুযায়ী সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য দুটি ফেরিঘাটে বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে যাওয়ার দুটি ফেরিঘাট মাওয়া ও পাটুরিয়ায় এই বিজিবি মোতায়েন থাকবে।
বিজিবির পরিচালক (অপারেশন) লে. ক. মহিউদ্দিন আহমেদ বলেন, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ জেলা প্রশাসনের অনুরোধে আজ শনিবার থেকে এই দুই জেলায় বিজিবি সদস্যরা থাকবেন। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে তারা সহযোগিতা করবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন।
এর আগে শনিবার মহামারিতে লকডাউনের মধ্যে ঈদযাত্রা ঠেকাতে রাতে দুটি ঘাটের ফেরি চলাচল বন্ধ করে নির্দেশনা জারি করে নৌ মন্ত্রণালয়। কেবল লাশ, রোগী ও পণ্যবাহী ট্রাক পারাপারের জন্য ফেরি চলাচল করবে। তবে শনিবার সন্ধ্যা থেকে মধ্য রাত পর্যন্ত অনেকেই দুটি ফেরিঘাটে গিয়ে ভিড় করে। এরপর যাত্রীদের চাপে ফেরি ছাড়তে বাধ্য হয় কর্তৃপক্ষ।





Users Today : 44
Views Today : 44
Total views : 189289
