বিভাগীয় সম্পাদক ■ ভারতে করোনাভাইরাস সংক্রমণে মোট মৃত্যু দুই লাখ ছাড়িয়েছে। শনাক্তের মোট সংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ। খবর দ্য হিন্দু, এনডিটিভি ইন্ডিয়া।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত ভারতে এক দিনে ৩ হাজার ৩০৬ জন করোনায় মারা গেছেন।
ভারতে করোনা মহামারি শুরুর পর এই প্রথম দেশটিতে এক দিনে তিন হাজারের বেশি রোগীর মৃত্যু হলো। এক দিনে মৃত্যুর এই রেকর্ড সংখ্যা নিয়েই ভারতে করোনায় মোট প্রাণহানি দুই লাখ অতিক্রম করে। ভারতে করোনায় মোট মৃত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৮৬।
গতকাল রাত ১১টা নাগাদ ভারতে এক দিনে ৩ লাখ ৬২ হাজার ৭২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতে আগে কখনো এক দিনে এত করোনা রোগী শনাক্ত হয়নি। শুধু তা-ই নয়, বিশ্বের কোনো দেশে এখন পর্যন্ত এক দিনে এত করোনা রোগী আগে কখনো শনাক্ত হয়নি।
ভারতে আগের ২৪ ঘণ্টায় (সোমবার) ৩ লাখ ২৩ হাজার ১৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। তার আগের দিন গত রোববার ২৪ ঘণ্টায় রেকর্ড ৩ লাখ ৫২ হাজার ৯৯১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিল। বিশ্বের কোনো দেশে এক দিনে সর্বোচ্চসংখ্যক করোনা রোগী শনাক্তের রেকর্ডটি গত বৃহস্পতিবারের আগপর্যন্ত যুক্তরাষ্ট্রের দখলে ছিল। যুক্তরাষ্ট্রে গত জানুয়ারিতে এক দিনে সর্বোচ্চ ২ লাখ ৯৭ হাজার ৪৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।
ভারতে করোনায় সংক্রমিত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৮৮ হাজার ৬০৩।
ভারতে টানা সাত দিন ধরে তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। তার আগে ১৫ এপ্রিল থেকে দেশটিতে প্রতিদিন দুই লাখের বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছিল। আর টানা এক সপ্তাহ ধরে ভারতে দুই হাজারের বেশি মানুষ করোনায় মারা যাচ্ছিল। গতকাল দৈনিক মৃত্যু তিন হাজার ছাড়াল।
ওয়ার্ল্ডোমিটার শুরু থেকেই বিশ্বের বিভিন্ন দেশের করোনাবিষয়ক হালনাগাদ তথ্য দিয়ে আসছে। ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১৪ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ৮৫৮। বিশ্বে করোনায় মোট মারা গেছে ৩১ লাখ ৪৮ হাজার ৭৮১ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ২৯ লাখ ২৭ হাজার ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট মারা গেছেন ৫ লাখ ৮৭ হাজার ৩৮৪ জন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ভারত। ভারতের পর রয়েছে ব্রাজিল। সম্প্রতি সংক্রমণের দিক দিয়ে ব্রাজিলকে টপকে দ্বিতীয় অবস্থানে উঠে আসে ভারত। ব্রাজিলে এখন পর্যন্ত ১ কোটি ৪৪ লাখ ৪৬ হাজার ৫৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৯৫ হাজার ৩২৪ জন।
ভারতে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। তারপর রয়েছে কেরালা, কর্ণাটক, উত্তর প্রদেশ, তামিলনাড়ু, দিল্লি, অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গ। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও হরিয়ানার পরিস্থিতিও অবনতিশীল। গতকাল স্থানীয় সময় রাত ১১টা পর্যন্ত মহারাষ্ট্রে শনাক্ত হয়েছে ৬৬ হাজার ৩৫৮ জন। উত্তর প্রদেশে শনাক্ত হয়েছে ৩২ হাজার ৯৯৩ জন। কেরালায় ৩২ হাজার ৮১৯ জন।





Users Today : 9
Views Today : 11
Total views : 184295
