বিবর্তন ডেস্ক (বি. স.) ● প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে তিন হাজার ৭২২ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯এ। যার ফলে সেদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ হাজার ছাড়িয়ে গেল। শুধুমাত্র মহারাষ্ট্রেই আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ছুঁইছুঁই।
করোনার হানায় ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ১৩৪ জনের। ফলে কোভিডের কারণে ভারতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল দুহাজার ৫৪৯। তবে করোনায় মৃত্যুর পাশাপাশি সুস্থ হয়ে ওঠার হারও উল্লেখযোগ্য বেড়েছে। এই রোগে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ২৬ হাজার ২৩৫ জন। যা মোট আক্রান্তের প্রায় ৩৩.৬৩ শতাংশ।
করোনায় আক্রান্তের সংখ্যায় এখনও শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। ২৫ হাজার ৯২২ জন এখনও অবধি আক্রান্ত হয়েছেন সেখানে। করোনা হানায় ৯৭৫ জন প্রাণ হারিয়েছেন ভারতের বাণিজ্য নগরীতে। এর পরই রয়েছে গুজরাত। সেখানে প্রাণ হারিয়েছেন ৫৬৬ জন। আক্রান্ত হয়েছেন ন’হাজার ২৬৭ জন। মৃত্যুর সংখ্যা ৬৪তে আটকে থাকলেও তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ন’হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যার হিসাবে এর পরেই রয়েছে যথাক্রমে দিল্লি (৭,৯৯৮), রাজস্থান (৪,৩২৮), মধ্যপ্রদেশ (৪,১৭৩), উত্তরপ্রদেশ (৩,৭২৯)।
পশ্চিমবঙ্গেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১৭ জন। এ নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’হাজার ২৯০ জন। রাজ্যে সরাসরি করোনার কারণে মৃত্যু হয়েছে ১৩৫ জনের। কোমর্বিডিটিতে মৃত্যু হয়েছে ৭২ জনের।





Users Today : 10
Views Today : 16
Total views : 184300
