বিশ্বকাপে মহাতারকাদের নিয়েই ব্যস্ত ফুটবল ভক্তরা। মেসি, নেমার, রোনাল্ডো থেকে শুরু করে লুকাকু বা মহম্মদ সালাহ। যে মহাতারকাদের দাপটে মন্ত্রমুগ্ধ ফুটবল ভক্তরা, মাঠে তাঁদের সামলাচ্ছেন রেফারিরা। মেসি, নেমার হোন বা অনামী কোনও ফুটবলার, প্রত্যেকেই তাঁদের কাছে সমান। ছোটখাটো বিতর্ক থাকলেও বিশ্বকাপের বিভিন্ন দেশের রেফারিরা দাপটের সঙ্গেই ম্যাচ পরিচালনা করছেন।
কিন্তু যাঁরা এই গুরুদায়িত্ব সামলাচ্ছেন, সেই রেফারিরা কত পারিশ্রমিক পাচ্ছেন? টাকার অঙ্কে সেই পরিমাণটা কিন্তু মাথা ঘুরিয়ে দেওয়ার মতোই।
বেশ কয়েকটি আন্তর্জাতিক ক্রীড়া সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০১৮ সালের বিশ্বকাপের জন্য মোট ৩৬ জন রেফারির প্যানেল তৈরি করেছে ফিফা। তাদের সাহায্য করার জন্য রয়েছেন আরও ৬৩ জন রেফারি।
ব্রাজিলের নামী ওয়েবসাইট ইউওএল এস্পোর্তের একটি প্রতিবেদনের দাবি অনুযায়ী, ২০১৮ সালে ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা রেফারিরা এককালীন ৭০ হাজার ডলার করে পাবেন। এছাড়াও প্রতিটি ম্যাচ পরিচালনার জন্য ম্যাচ পিছু ৩ হাজার ডলার করে পাবেন রেফারিরা।
ওই একই প্রতিবেদনে বলা হয়েছে, সহকারী রেফারিরা এককালীন ২৫ হাজার ডলার করে পাবেন। ম্যাচ পিছু তাঁরা পাবেন অতিরিক্ত ২ হাজার ডলার।
ফিফা অবশ্য সরকারি ভাবে রেফারিদের পারিশ্রমিক সম্পর্কে কিছু জানায়নি।




Users Today : 66
Views Today : 77
Total views : 177962
