বিভাগীয় সম্পাদক • ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘নালগায়ে’র প্রভাবে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭২–এ দাঁড়িয়েছে। আজ শনিবার সরকারি কর্মকর্তা এসব কথা জানিয়েছেন।
নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।
উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘নালগায়ে’। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ থেকে হাজারো বাসিন্দাকে সরিয়ে নিচ্ছে কর্তৃপক্ষ। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা বলছেন, শনিবার নাগাদ মধ্য ফিলিপাইনের সামার প্রদেশের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।
মিন্দানাওয়ের বাংসামোরো স্বায়ত্তশাসিত অঞ্চলের স্বরাষ্ট্রমন্ত্রী নাগুইব সিনারিম্বো বলেছেন, প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাসিন্দাদের ধারণার চেয়ে বেশি বৃষ্টি হয়েছে।
কোস্টগার্ড প্রকাশিত ছবিতে দেখা যায়, দক্ষিণাঞ্চলীয় সুলতান কুদরত প্রদেশে রাবারের নৌকা ব্যবহার করে বুকসমান পানিতে আটকে পড়া লোকজনকে সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা।
ফিলিপাইনে প্রায়ই ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে দেশটিতে বারবার বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। ফিলিপাইনে গড়ে প্রতিবছর ২০টির মতো টাইফুন তথা ঘূর্ণিঝড় আঘাত হেনে থাকে।
ঘূর্ণিঝড় নালগায়ে ঘণ্টায় ৯৫ কিলোমিটার গতির ঝোড়ো বাতাস নিয়ে উপকূলের দিকে এগোচ্ছে। এতে বিমান যোগাযোগ ব্যাহত হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। কিছু বন্দরের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
ফিলিপাইন সাগর অতিক্রম করার সময় ঘূর্ণিঝড়টির তীব্রতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া ব্যুরো।





Users Today : 47
Views Today : 54
Total views : 189219
