ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে রেনেকে স্বাগত জানায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চেনা মাঠে ফরাসি চ্যাম্পিয়নদের হয়ে জ্বলে ওঠেন এডিনসন কাভানি, কিলিয়ান এমবাপ্পে ও অ্যাঙ্গেল ডি মারিয়া। আর তাতেই রেনের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় পায় থমাস টুখেলের শিষ্যরা।
ম্যাচের সপ্তম মিনিটে কাভানির গোলে এগিয়ে যায় পিএসজি। তবে প্রথমার্ধেই এ গোলের শোধ দিতে সক্ষম হয় রেনের সেনেগালের ফরোয়ার্ড এমবায়ে নিয়াং। বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পিএসজি। ১১ মিনিটের মধ্যেই তিন গোল করে এগিয়ে যায় তারা। ম্যাচের ৬০ মিনিটে পিএসজির ব্যবধান বাড়ান আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া। ৬৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।
পরে ম্যাচের ৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন উরুগুইয়ান তারকা কাভনি। ড্রাক্সলার ও এমবাপের সহায়তায় এ গোলটি করেন তিনি। চলতি লিগে এটা তার ১৬তম গোল।
লিগে চলতি মৌসুমে অপরাজিত পিএসজি ২০ ম্যাচে ১৮ জয় ও দুই ড্রয়ে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে।





Users Today : 50
Views Today : 59
Total views : 178021
