বিবর্তন ডেস্ক (বি. স.) ● চলমান করোনা পরিস্থিতিতে নন কোভিড রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য মিডিয়া সেলের সদস্য সচিব মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
করোনাভাইরাসে আক্রান্ত নন এমন রোগীদের নন কোভিড রোগী বলা হয়ে থাকে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সকল হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসার পাশাপাশি নন-কোভিড রোগীদেরও চিকিৎসা প্রদানের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩টি জোরালো নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা
১. সকল বেসরকারি হাসপাতাল/ ক্লিনিকসমূহে সন্দেহভাজন কোভিড রোগীদের চিকিৎসার জন্য পৃথক ব্যবস্থা থাকতে হবে।
২. চিকিৎসা সুবিধা থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসার জন্য আগত কোনো রোগীকে ফেরত দেওয়া যাবে না। রেফার করতে হলে স্বাস্থ্য অধিদফতরের ‘কোভিড হাসপাতাল নিয়ন্ত্রণ কক্ষের’ সাথে যোগাযোগ করে রোগীর চিকিৎসার বিষয়টি সুনিশ্চিত করে রেফার করতে হবে।
৩. দীর্ঘদিন ধরে যেসকল রোগী কিডনি ডায়ালিসিসসহ বিভিন্ন চিকিৎসা গ্রহণ করছেন তারা কোভিড আক্রান্ত না হয়ে থাকলে-তাদের চিকিৎসা অব্যাহত রাখতে হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দেশের কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে উল্লিখিত নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত বিধান অনুসারে লাইসেন্স বাতিলসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।





Users Today : 191
Views Today : 207
Total views : 177610
