বিবর্তন ডেস্ক (বি. স.) ● দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মৃত মানুষের সংখ্যা ১ হাজার ৭০০ পেরলো। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪৩ জন। সব মিলে মারা গেছেন ১ হাজার ৭৩৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৮০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ৫৫ হাজার ৭২৭ জন।
আজ ২৮ জুন রবিবার বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৩৪টি, নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৯টি। এখন পর্যন্ত সাত লাখ ৩০ হাজার ১৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষার মধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন তিন হাজার ৮০৯ জন। পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৪০ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ২৬ শতাংশ।
নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৪ জন নারী। বয়স বিশ্লেষণে দেখা যায়, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১২ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১৩ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।
অঞ্চল বিবেচনায় এদের মধ্যে ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, রাজশাহী বিভাগে দুই জন, খুলনা বিভাগে তিন জন, সিলেট বিভাগে তিন জন, বরিশাল বিভাগে দুই জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রংপুর বিভাগে একজন রয়েছেন।
৪৩ জনের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৩০ জন, বাসায় মৃত্যুবরণ করেছেন ১২ জন এবং মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় একজনকে।
স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ৭১৭ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন ১৪ হাজার ৫২৩ জন। ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন ৪৬১ জন, এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন ১০ হাজার ২২৭ জন। এখন পর্যন্ত মোট আইসোলেশন করা হয়েছে ২৪ হাজার ৮১০ জনকে।
করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
অনলাইন ব্রিফিংয়ে অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, ‘যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের প্রতি অমানবিক হবেন না। যথাযথ সৎকারে সহায়তা করুন।’ যাঁরা মৃত ব্যক্তিদের দাফনকাজ করছেন, তাঁদের প্রতি ও সব সম্মুখযোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।





Users Today : 118
Views Today : 128
Total views : 182277
