ট্রাম্প নিরাপত্তার জন্য হুমকি মনে করেন রাশিয়া ও চীনকে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশের নিরাপত্তার জন্য রাশিয়া এবং চীনকে হুমকি মনে করেন। তিনি মনে করেন, বিশ্বে যুক্তরাষ্ট্রের ক্ষমতা বৃদ্ধি এবং নিরাপত্তার ক্ষেত্রে এই দুই দেশই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় সময় গতকাল সোমবার এ সংক্রান্ত একটি রূপরেখা ঘোষণা করার কথা রয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের।
হোয়াইট হাউসের প্রকাশ করা এই রূপরেখা ট্রাম্প রাশিয়া ও চীনকে লক্ষ্য করে বলেছেন, তারা তাদের অর্থনীতিকে স্বচ্ছ ও মুক্ত করতে চান না। তারা সামরিক প্রভাব বাড়াতে চান। প্রভাব বাড়াতে তারা সমাজে মানুষের ওপর নিপীড়ন চালান এবং তথ্যের অবাধ প্রবাহে বাধার সৃষ্টি করেন।
গত কয়েক মাস ধরে প্রেসিডেন্ট ট্রাম্পের উপদেষ্টা এবং অন্যান্য কর্মকর্তারা মিলে এই রূপরেখা তৈরি করেছেন। গতবার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা জলবায়ুকে প্রধান হুমকি হিসেবে বিবেচনা করেছিলেন। খবর রয়টার্স।
জাতিসংঘে জেরুজালেম ইস্যুতে মার্কিন ভেটোতে ফিলিস্তিনের নিন্দা
জেরুজালেম ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়া যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে ফিলিস্তিন। দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পরামর্শক নাবিল আবু দেনেহ বলেন, যুক্তরাষ্ট্রের ভেটো আন্তর্জাতিক আইন পরিপন্থী ও এটি শান্তি প্রক্রিয়ায় কোনোভাবেই সহায়তা করবে না। খবর ওয়াশিংটন পোস্ট।
সোমবার জেরুজালেম প্রসঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত এক খসড়া প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জেরুজালেমকে ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দেওয়ার ও ওই শহরে মার্কিন দূতাবাস স্থাপনের পরিকল্পনার বিরোধিতা করে এই খসড়া প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা প্রয়োগ করলেও নিরাপত্তা পরিষদের বাকি ১৪ দেশ এই প্রস্তাবকে সমর্থন করে ভোট দেয়।
এর আগে ফিলিস্তিনি জানিয়েছিলো, যুক্তরাষ্ট্র ভেটো দিলে তারা সাধারণ পরিষদের আহ্বান জানাবে। তবে ভেটো দেওয়ার পর এখন পর্যন্ত কোনও ঘোষণা আসেনি ফিলিস্তিনের পক্ষ থেকে।



Users Today : 38
Views Today : 48
Total views : 177933
