বিভাগীয় সম্পাদক ■ করোনা মোকাবিলা ও অর্থনীতি পুনরুদ্ধারে তিনটি চুক্তির আওতায় বাংলাদেশকে ১০৪ কোটি মার্কিন ডলার ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এই সহায়তা করোনার টিকা কেনার খাতেও ব্যয় করা যাবে। আজ ১৪ এপ্রিল বুধবার বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বিশ্বব্যাংকের এ সংক্রান্ত ঋণচুক্তি হয়েছে ।
এতে আরও বলা হয়, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন এবং বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টেম্বন বলেন, ‘এই অর্থায়নের আওতায় বাংলাদেশের মোট জনসংখ্যার তিন ভাগের একভাগ মানুষকে টিকা প্রদান করা যাবে। বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে বেসরকারি বিনিয়োগ বাড়বে। পাশাপাশি ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমেরও উন্নয়ন ঘটবে।’
তিনি আরও বলেন, ‘করোনাভাইরাস থেকে যাওয়ায় বিশ্বজুড়ে অসংখ্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। তারপরও বাংলাদেশ প্রণোদনা ঘোষণা ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে করোনাকে বেশ ভালোভাবেই মোকাবিলা করেছে।’
ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন বলেন, ‘এই অর্থায়নের ফলে দেশের সাধারণ মানুষকে টিকা প্রদান করা যাবে। এভাবে করোনা মোকাবিলা করে অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীল রাখা যাবে।’





Users Today : 94
Views Today : 96
Total views : 177499
