নিমের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে মেজাজ হারিয়ে লাল কার্ড দেখা কিলিয়ান এমবাপে পেলেন বড় শাস্তি। তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন পিএসজির তরুণ ফরোয়ার্ড।
প্রতিপক্ষের মাঠে শনিবার লিগ ওয়ানের ম্যাচটিতে ৪-২ গোলের সহজ জয় পায় লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। দলের তৃতীয় গোল করা এমবাপে ক্যারিয়ারে প্রথমবারের মতো দেখেন লাল কার্ড।
প্রথমার্ধে একবার হলুদ কার্ড দেখেন ১৯ বছর বয়সী এমবাপে। যোগ করা সময়ে সাভানিয়ে ফাউল করলে মেজাজ হারিয়ে তাকে ধাক্কা দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন রাশিয়া বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়। বাজে ট্যাকলের জন্য সরাসরি লাল কার্ড পান সাভানিয়ে।
ঘটনার পর পিএসজির সমর্থকদের কাছে ক্ষমা চান এমবাপে। তবে এমন পরিস্থিতিতে পড়লে আবারও একই আচরণ করবেন বলেও জানান তিনি।
ফ্রেঞ্চ লিগের শৃঙ্খলা কমিটি বুধবার তাদের রায় প্রকাশ করে। তাতে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন এমবাপে। এই রায়ে সাঁত এতিয়েন, রেন ও স্তাদ দে রাঁসের বিপক্ষে লিগ ওয়ানে পিএসজির পরের তিন ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।
অন্যদিকে সরাসরি লাল কার্ড দেখা সাভানিয়েকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে লিগ কমিটি।





Users Today : 56
Views Today : 64
Total views : 176129
