বিবর্তন ডেস্ক (বি. স.) ● খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস বলেছেন, অর্থনীতির চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশ অর্থনীতি সচল করতে যখন করোনাভাইরাস মহামারির কারণে জারি করা লকডাউন শিথিল করছে তখন তিনি এই মন্তব্য করলেন। খবর রয়টার্স।
সেন্ট পিটার্স স্কয়ারে জানালা থেকে দেওয়া বক্তব্যে পোপ ফ্রান্সিস বলেন, অর্থনীতিকে সহযোগিতার জন্য অর্থ সঞ্চয় নয়, মানুষকে সুস্থ করে তোলা গুরুত্বপূর্ণ। অর্থনীতির চেয়ে মানুষ বেশি গুরুত্বপূর্ণ। অর্থনীতি নয়, মানুষ পবিত্র চেতনার আধার।
পোপ ফ্রান্সিস বক্তব্যে কোনো নির্দিষ্ট দেশের কথা উল্লেখ করেননি। তবে অনেক দেশের সরকার কর্মসংস্থান ও জীবনমান রক্ষায় ভাইরাস নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত লকডাউন জারি রাখবে নাকি শিথিল করবে- তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে।
সেন্ট পিটার্স স্কয়ারে জড়ো হওয়া কয়েকশ’ মানুষ পোপ ফ্রান্সিসের বক্তব্যকে করতালি দিয়ে স্বাগত জানায়। গত সোমবার স্কয়ারটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।
সর্বশেষ ১ মার্চ পোপ ফ্রান্সিস বার্তা প্রদান ও মানুষকে আশীর্বাদ জানিয়েছিলেন। তখনও ইতালিতে লকডাউন জারি হয়নি। দেশটিতে করোনাভাইরাসে ৩৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বুধবার লকডাউন প্রত্যাহার হতে পারে।
জড়ো হওয়া মানুষদের নিয়ে অন্যকে সুস্থ করতে গিয়ে প্রাণ দেওয়া স্বাস্থ্যকর্মীদের জন্য নীরব প্রার্থনা করেন পোপ।





Users Today : 14
Views Today : 14
Total views : 185327
