বিভাগীয় সম্পাদক ■ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) আর নেই। টানা ১২ দিন করোনাভাইরাসের সঙ্গে যুদ্ধ করে হেরে গেছেন।
১৭ এপ্রিল শুক্রবার দিবাগত রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৫ এপ্রিল বিকাল থেকে তিনি রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
এর আগে ৮ এপ্রিল থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নন্দিত অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী উক্ত হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছিলেন। ৫ এপ্রিল করোনা পজিটিভ রেজাল্ট পাওয়ার পর রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন কবরী।
বনানী কবরস্থানে সমাহিত করা হবে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরীকে। আজ শনিবার বাদ জোহর কবরস্থান এলাকায় তাঁর জানাজা হবে। জানাজা শুরুর আগে বনানী কবরস্থানের সামনেই মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে। সকাল পৌনে ১০টায় খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে শাকের চিশতী।
কবরীর ছেলে শাকের চিশতী জানান, হিমঘর থেকে মায়ের মরদেহ নেওয়া হবে মোহাম্মদপুর আল মারকাজুলে। সেখানে গোসল করানো শেষে তাঁর মরদেহ গুলশান ২ নম্বর এলাকার লেক রোডের বাড়িতে শেষবারের মতো নেওয়া হবে। কিছুক্ষণ রাখার পর কবরীর মরদেহ জোহরের আগেই নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থান এলাকায়। এরপর সেখানেই জানাজা সম্পন্ন হবে। তাঁকে গার্ড অব অনার দেওয়া হবে। এরপর বনানী কবরস্থানে সমাহিত করা হবে।
১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হয় কবরীর। এরপর ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘ঢেউয়ের পর ঢেউ’, ‘পরিচয়’, ‘দেবদাস’, ‘অধিকার’, ‘বেঈমান’, ‘অবাক পৃথিবী’, ‘দীপ নেভে নাই’-এর মতো অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেছেন কবরী।
সম্প্রতি নির্মাতা কবরী শেষ করেছেন তার পরিচালিত সরকারি অনুদান পাওয়া ছবি ‘এই তুমি সেই তুমি’র শুটিং। ছবিতে তিনি নিজেও অভিনয় করেছেন। কবরীর নির্মাণ শুরু হয় ২০০৬ সালে ‘আয়না’ সিনেমা দিয়ে।





Users Today : 20
Views Today : 20
Total views : 177160
