এসএ (সাউথ এশিয়ান) গেমসে নিজেদের তৃতীয় ম্যাচে মালদ্বীপের মেয়েদের ৬ রানেই অলআউট করে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। এতে ২৪৯ রানের বিশাল ব্যবধানের জয় পায় বাংলাদেশ।
আজ নেপালের পোখারায় রঙ্গশালা স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল সংগ্রহ করে বাংলাদেশের মেয়েরা। ২৫৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে খেলেছে ১২ ওভার। রান করেছে কেবল ৬। তাতেই অলআউট হয়ে গেছে দ্বীপ দেশটির মেয়েরা। এর আগে ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি উপহার দেন বাংলাদেশের নিগার সুলতানা এবং ফারজানা হক। ১৯ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নেয়ার পর জুটি বাধেন নিগার এবং ফারজানা।
মালদ্বীপের বোলারদের এরপর তুলোধুনো করতে থাকেন নিগার-ফারজানা। দু’জনের ব্যাট থেকে আসে ২৩৬ রানের বিশাল জুটি। ৬৫ বলে ১১৩ রানে নিগার সুলতানা এবং ৫৩ বলে ১১০ রানে অপরাজিত থাকেন ফারজানা হক। নিগার সুলতানা ১৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কা মারেন ৩টি। ফারজানা হক বাউন্ডারি মারেন ২০টি।
মালদ্বীপের হয়ে একমাত্র উইকেটটি নিয়েছেন শাম্মা আলী।
ব্যাটিংয়ে নেমে মালদ্বীপের ৮ ব্যাটসম্যানই ফিরেন ০ রানে। রিতু মনি ৪ ওভারে তিন মেডেন নিয়ে মাত্র ১ রান দিয়ে তুলে নেন তিনটি উইকেট। সালমা খাতুন ৩.১ ওভারে ২ রানে তিনটি উইকেট পান। সর্বোচ্চ ২ রান করেন শাম্মা আলী। রাবেয়া আর নাহিদা একটি করে উইকেট তুলে নেন।





Users Today : 182
Views Today : 202
Total views : 182351
