প্লেইন পোলাও তৈরি করা খুবই সহজ এবং বাসাবাড়িতেও তৈরি হয় অহরহ। দেখে নিন কীভাবে তৈরি করবেন
উপকরণ
পোলাও চাল ২ কাপ, কাবাব চিনি ৪ টি, দারচিনি ২ টুকরা, এলাচ ২ টি, তেজপাতা ১ টি, পেঁয়াজ কুঁচি ১/২ কাপ, কাঠবাদাম বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, চিনি ১/২ চা চামচ, কাঁচা মরিচ ৪-৫ টি, কিশমিশ ১ টেবিল চামচ, গরম পানি ৩-৪ কাপ, ঘি ৪ টেবিল চামচ, পেঁয়াজ বেরেস্তা (সাজানোর জন্য)।
প্রস্তুত প্রণালী
রান্না শুরু করার ৩০ মিনিট আগে চাল ভালো করে ধুয়ে ঝাঁজরিতে ঢেলে সব পানি ঝরিয়ে রাখুন। যে পাত্রে পোলাও রান্না করবেন সে পাত্রে তেল/ঘি গরম দিয়ে এতে আস্ত গরম মসলাগুলো দিয়ে দিন। এরপর এর মধ্যে পেঁয়াজ কুঁচি দিন।
এখন পেঁয়াজের রঙ হালকা বাদামি হয়ে আসা শুরু হলে এর মধ্যে চাল ঢেলে দিন। চুলার আঁচ মাঝারি রেখে চাল এক মিনিট ভাঁজুন। চাল নাড়তে নাড়তে চালের গায়ে তেলতেলে হয়ে গেলে এবং সুন্দর একটা অ্যারোমা বের হলে আদা বাটা এবং বাদাম বাটা দিয়ে দিন। এখন সব একসাথে নেড়ে গরম পানি দিয়ে দিন। এ সময় চুলার আঁচ মাঝারি থেকে একটু বেশি করে রাখুন।
এরপর এতে লবণ এবং গুঁড়া দুধ দিয়ে সব হালকা হাতে নেড়ে দিন। পোলাওর পানি ভালোভাবে ফুটে পানি কমে এলে ওপরে চিনি ছড়িয়ে দিয়ে পোলাওয়ের ঢাকনা দিয়ে দিন।
এখন চুলার আঁচ একদম কমিয়ে করে দিয়ে পোলাও ২০ মিনিটের জন্য দমে রেখে দিন। এই ২০ মিনিট পাত্রের ঢাকনা একবারও খুলবেন না।
২০ মিনিট হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। এরপর পাত্রের ঢাকনা খুলে পোলাও হালকা হাতে উপর নিচে করে দিয়ে এর উপর কিশমিশ এবং কাঁচা মরিচ ছড়িয়ে দিয়ে আবার ঢেকে দিন। পরিবেশনের আগে আর ঢাকনা খুলবেন না। একবারে পরিবেশনের সময় পাত্রের ঢাকনা খুলুন। সারভিং বোলে পোলাও বেড়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিন।
বিশেষ সতর্কতা
পোলাওতে পানি দেয়ার পর খুব বেশি নাড়াচাড়া করবেন না। বেশি নাড়াচাড়া করলে চাল ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং পোলাও ঝরঝরেও হয় না। ইচ্ছা করলে পুরোটা ঘি না দিয়ে ঘি এবং তেল মিলিয়েও পোলাও রান্না করতে পারবেন। তবে পুরোটা ঘি দিয়ে রান্না করলে পোলাও অনেক সুন্দর হয়।
পোলাও এ পানি কতটুকু দিতে হবে এটা নিয়ে অনেকেরই কনফিউশন থাকে। সাধারণত ১ কাপ চালে ১ ১/২ কাপ পরিমাণ পানি দিতে হয়, সে হিসেবে যত কাপ চাল নিবেন সে অনুযায়ী তার দেড়গুণ পানি দিবেন। তবে অনেক সময় চাল পুরোনো বা নতুনের ওপর পানি কম বেশি দেয়াটা নির্ভর করে।
জেসমিন জাহান / সাপ্তাহিক সময়ের বিবর্তন





Users Today : 39
Views Today : 46
Total views : 178008
