যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুই অঙ্গরাজ্য আলাবামা ও জর্জিয়ায় দফায় দফায় টর্নেডোে আঘাতে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। স্থানীয় সময় রবিবার দুপুরের পর এই টর্নেডো আঘাত হানে। এতে তছনছ হয়ে গেছে দুই অঙ্গরাজ্যেরই বেশ কিছু বাড়িঘর। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে গেছে অনেক জায়গায়।
সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, অন্তত এক ডজন ছোট-বড় টর্নেডো বয়ে গেছে জর্জিয়া ও আলাবামার ওপর দিয়ে। আর এনবিসি নিউজ বলছে, জর্জিয়া সীমান্তবর্তী আলাবামার লি কাউন্টির বিভিন্ন এলাকায় একাধিক টর্নেডোর তাণ্ডব চালিয়েছে।
লি কাউন্টির কর্মকর্তাদের বরাত দিয়ে এনবিসি জানায়, টর্নেডোয় কেবল লি কাউন্টিতেই ১৪ জনের মৃত্যু হয়েছে। এই কাউন্টির ব্যুরেগার্ড শহরের কাছে একটি জনপদে প্রলয়ঙ্করী তাণ্ডব চালিয়েছে টর্নেডো। এ ব্যাপারে আলাবামা ম্যানেজমেন্ট এজেন্সির পরিচালক ব্রায়ান হ্যাস্টিংস বলেন, এটা অনেক বড়সড় আঘাত ছিল। ঝড়ের তাণ্ডবের খবর পেয়েই ঘটনাস্থলে গেছেন উদ্ধার ও ত্রাণকর্মীরা।
অন্যদিকে, জর্জিয়ার দক্ষিণ ও পশ্চিমাংশে টর্নেডোর খবর দিয়ে সংবাদমাধ্যম বলছে, সেখানে ঝড়ের পর ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে দিনাতিপাত করছেন। দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, জর্জিয়া সীমান্তে আলবামার ইউফাউলার একটি বিমানবন্দর ও একটি ফায়ার স্টেশনও টর্নেডোর তাণ্ডবের মুখে পড়েছে।




Users Today : 165
Views Today : 179
Total views : 182538
