প্রথমবারের মতো ভারতীয় একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন নুসরাত ইমরোজ তিশা। ছবির নাম ‘বোবা রহস্য’। এতে তিনি সঙ্গে পাচ্ছেন সে দেশের বরেণ্য অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং বাংলাদেশের মডেল ও অভিনেতা আমান রেজাকে। ছবিটির মূল গল্প তিশাকে ঘিরে।
থ্রিলার, রোমান্স ও গোয়েন্দাধর্মী গল্পের এই ছবিটি পরিচালনা করবেন অভিষেক বাগচি। প্রযোজনা করছেন সাগর সেন। এর শুটিং শুরু হচ্ছে ১২ জানুয়ারি থেকে। প্রথমে শুটিং হবে ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে। ৪ ফেব্রুয়ারি থেকে কলকাতায় এর শুটিং হবে।
এ ছবিতে আরও অভিনয় করছেন ভারতের খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তী, দর্শনা বণিক, রাহুল ব্যানার্জি, অরিন্দম বাসুসহ অনেকে। প্রায় ২০ বছর পর গোয়েন্দা কর্মকর্তার চরিত্র নিয়ে বড় পর্দায় ফিরছেন সব্যসাচী চক্রবর্তী।
ছবিতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, গোয়েন্দা গল্পের এই ছবিতে মিতালী মুখার্জি চরিত্রে অভিনয় করতে যাচ্ছি। গল্পটি দারুণ। যে জন্য এক বাক্যেই অভিনয়ে রাজি হয়েছি। ছবিতে অনেক গুণী শিল্পীর সঙ্গে কাজ করার সুযোগ হবে। আশা করছি ভালো কিছু হবে। আমান রেজা তার চরিত্রটি প্রসঙ্গে বলেন, ‘ছবিতে দেখা যাবে তিশার সঙ্গে আমার প্রেম হয়। এরপর ঘটতে থাকে নানা অঘটন। আর সেই অঘটনের কারণ খুঁজতে মিশনে নামবেন সব্যসাচী। উন্মোচিত হবে নতুন রহস্য। আশা করছি দারুণ কিছু হবে।’
ছবিটি মুক্তি পাবে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। এ দেশে মুক্তি পাবে সাফটা চুক্তির আইনে। এটি বাংলাদেশে পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।





Users Today : 17
Views Today : 19
Total views : 186239
