বিভাগীয় সম্পাদক ● নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গোর ধাক্কায় ডুবে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এম এল আফসার উদ্দিন-২ উদ্ধার করেছে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। আজ ২১ মার্চ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে লঞ্চটি টেনে নদীর পাড়ে আলামিননগর এলাকায় রাখা হয়েছে। তবে লঞ্চের ভেতরে তল্লাশি চালিয়ে কোনো লাশ পাওয়া যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারকারী জাহাজ দিয়ে টেনে নদীর তীরে নেওয়া হয়েছে। সেটিতে তল্লাশি চালিয়ে কোনো লাশ পাওয়া যায়নি। তবে নদীতে তল্লাশি চালানো হচ্ছে।
এদিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় চর সৈয়দপুর এলাকায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার হয়েছে। আজ ২০ মার্চ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে আরও এক পুরুষ যাত্রীর লাশ উদ্ধারের তথ্য জানান নারায়ণগঞ্জের ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর গোলাম মোস্তফা। তিনি বলেন, সকাল ১০টা ২০ মিনিটের দিকে মুন্সীগঞ্জের মোহনায় শাহ সিমেন্ট এলাকা থেকে এক পুরুষ যাত্রীর লাশ উদ্ধার হয়। তবে লাশের কোনো পরিচয় মেলেনি। ওই যাত্রীর নাম নিখোঁজ পাঁচ জনের তালিকায় ছিল না।
এ নিয়ে দুর্ঘটনার পর সাত জনের লাশ উদ্ধার হলো। এদের মধ্যে দুই পুরুষ, তিন নারী ও দুই শিশুর লাশ রয়েছে।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, এখনো চারজন নিখোঁজ আছেন বলে খাতায় নাম আছে। ধারণা করা হচ্ছে, স্রোতের কারণে লাশ চলে যেতে পারে। লাশের খোঁজে নদীতে তল্লাশি চালানো হচ্ছে। স্বজনেরা এলে কয়জন নিখোঁজ আছেন, তা নিশ্চিত হওয়া যাবে।
গতকাল ২০ মার্চ রবিবার দুপুর আড়াইটার দিকে নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে সিটি গ্রুপের মালিকানাধীন কার্গো রূপসী-৯–এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ডুবে যায়। বেশির ভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও নিখোঁজ ছিলেন কয়েকজন। আজ সকাল পর্যন্ত এ ঘটনায় দুই শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। মুন্সিগঞ্জের হোসেনদি এলাকা থেকে গতকালই কার্গো রূপসী-৯ জব্দ করেছে নৌ পুলিশ। কার্গোর মাস্টারকে আটক করা হয়েছে।
লঞ্চডুবির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম ব্যাপারীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বজলুর রশিদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।





Users Today : 68
Views Today : 77
Total views : 189242
