আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সেনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু হয়েছে। সেনা সরিয়ে নিলেও কূটনৈতিক ও মানবিক সহায়তা দেবেন বলে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় গতকাল শুক্রবার তিনি এই আশ্বাস দেন। হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন গতকাল ১০ কোটি ডলার জরুরি তহবিল বরাদ্দের অনুমোদন দিয়েছেন। আফগানিস্তানে সংকটজনক পরিস্থিতির কারণে মানুষের জরুরি প্রয়োজনে এই তহবিল ব্যবহার করা হবে। খবর রয়টার্স।
হোয়াইট হাউস এক বিবৃতিতে আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে আফগানিস্তানের পাশে থাকবে। বিশেষ অভিবাসী ভিসার জন্য আফগানিস্তানের কয়েক হাজার আবেদনকারীকে সরিয়ে নেওয়ারও প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের জন্য কাজ করায় তাঁরা তালেবান জঙ্গিদের লক্ষ্যবস্তু হতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
এদিকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি সামনে রেখে বিমানবাহিনীর রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চেয়েছে আফগানিস্তান। এ সপ্তাহে মার্কিন কংগ্রেসের সঙ্গে ভার্চ্যুয়াল এক আলোচনায় আফগান প্রতিনিধিদল এই আহ্বান জানায়।
তালেবানদের হামলা প্রতিরোধে বিমানবাহিনীর সক্ষমতা না থাকায় উদ্বেগ প্রকাশ করেছে আফগান সরকার। আশরাফ ঘানির সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, তিনি কাবুলে সামরিক সহযোগিতা অব্যাহত রাখবেন।
হোয়াইট হাউস বিবৃতিতে জানিয়েছে, ফোনালাপে বাইডেন ও ঘানি একমত পোষণ করেছেন যে তালেবানরা যেভাবে হামলা চালাচ্ছে, তা সহিংসতা অবসানে তাঁদের সমঝোতামূলক মনোভাবের পরিপন্থী।
যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দেওয়ার পর গত এপ্রিল মাস থেকে তালেবানদের হামলা বেড়েছে। তালেবানরা দেশটির বেশ কয়েকটি শহর ও গুরুত্বপূর্ণ সীমান্ত–ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, আফগানিস্তানের প্রায় অর্ধেক এলাকা নিয়ন্ত্রণে নিয়েছেন তালেবানরা। তবে আফগানিস্তানের সরকারি সেনাদের হটিয়ে ৯০ শতাংশ সীমান্ত এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তালেবান। গত বৃহস্পতিবার এ দাবি করেছে তারা।
শুক্রবার আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবিকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে উড়িয়ে দিয়ে বলেছে, দেশের সীমান্ত এখনো সরকারি বাহিনীগুলোর হাতে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেলিনা পোর্টার সংবাদ সম্মেলনে আফগানিস্তানে তালেবানদের হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন।
আগামী ৩১ আগস্ট আফগানিস্তানে মার্কিন সেনা অভিযান শেষ হচ্ছে।





Users Today : 38
Views Today : 48
Total views : 177933
