বিভাগীয় সম্পাদক ● এক দিনে আবারও সর্বোচ্চ ২৫ জন মারা গেছেন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে। এদের মধ্যে সাত জন করোনা পজিটিভ ছিলেন। বাকিদের মধ্যে ১৪ জন উপসর্গ নিয়ে এবং চার জন করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতায় মারা গেছেন। ১৩ জুলাই মঙ্গলবার সকাল ৮টা থেকে ১৪ জুলাই বুধবার সকাল ৮টার পর্যন্ত মধ্যে এই ২৫ জনের মৃত্যু হয়।
এ নিয়ে চলতি মাসে (১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত) করোনা আক্রান্ত, উপসর্গ ও করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতা নিয়ে ২৪৮ জন মারা গেলেন। আর গত জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান ৪০৫ জন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে ১২ জনের বাড়ি রাজশাহী জেলায়। বাকিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন জন, নাটোরের তিন জন, নওগাঁর দুই জন, পাবনার তিন জন, কুষ্টিয়া ও যশোরের একজন করে রোগী রয়েছেন।
নতুন মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের মধ্যে ৯ জনের বয়স ৬১ বছরের ওপরে। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন এবং ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে তিন জন ও ২১ থেকে ৩০ বছর বয়সের মধ্যে একজন রোগী রয়েছেন।
হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৭২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৪ জন। বুধবার সকাল পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটের ৪৫৪টি বেডের বিপরীতে ভর্তি আছেন ৫০০ জন। বাকিদের ওয়ার্ডে মেঝে ও বারান্দায় অতিরিক্ত বেডের ব্যবস্থা করে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইসিইউতে ভর্তি আছেন ২০ জন। করোনা ইউনিটে চিকিৎসাধীন ৫০০ জনের মধ্যে ২৩২ জনের করোনা পজিটিভ রয়েছে। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১৯৪ জন। এছাড়াও চিকিৎসা নিয়ে করোনামুক্ত হওয়ার পর পরবর্তী জটিলতায় চিকিৎসাধীন আছেন ৫২ জন।
এদিকে, রাজশাহীতে টানা চার দিন ধরে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণের হার। মঙ্গলবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ৪৩০ জনের নমুনা পরীক্ষা করে ১৪৯ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। যা আগের দিনের চেয়ে দশমিক ৯৬ শতাংশ বেড়ে করোনা শনাক্তের হার ৩৪ দশমিক ৬৫ শতাংশ। এর আগের দিন সোমবার শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ৬৯ শতাংশ। এছাড়াও গত রবিবার ২৯ দশমিক ৬৩ এবং গত শনিবার শনাক্তের হার ছিল ২৫ দশমিক ৫ শতাংশ।
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, এ দিন রাজশাহী মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পৃথক দুটি ল্যাবে তিন জেলার ৬২০ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা পজিটিভ এসেছে ১৮১ জনের। রাজশাহী জেলা ছাড়াও নওগাঁ জেলার ৫৭ জনের নমুনা পরীক্ষা করে আট জনের পজিটিভ এসেছে। এছাড়াও চাঁপাইনবাগঞ্জের ১৩৩ জনের নমুনা পরীক্ষায় ২৫ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে।





Users Today : 61
Views Today : 72
Total views : 177957
