বিভাগীয় সম্পাদক ● পদ্মা সেতুর রোডওয়েতে পিচ ঢালাই শুরু হয়েছে। ১৩ জুলাই মঙ্গলবার থেকে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার শাওন। তিনি বলেন, ‘সেতুর জাজিরা প্রান্তে ৪১ নম্বর স্প্যানে রোডওয়েতে পিচ ঢালাইয়ের কাজ শুরু হয়। চার ইঞ্চি পুরু করে পিচের ঢালাই বসানো হচ্ছে। জাজিরা প্রান্ত থেকে শুরু করে মাওয়া প্রান্তের দিকে কাজ এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৬০ মিটার পিচ ঢালাই হয়েছে। আশা করি, আগামী মার্চ মাসের মধ্যে পুরো সেতুর পিচ ঢালাইয়ের কাজ শেষ হবে।’
আহসান উল্লাহ মজুমদার আরও বলেন, ‘প্যারাপেট ওয়ালের কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসব কাজ শেষ হলে সড়কবাতির কাজ শুরু হবে।’
লকডাউনের মধ্যেও পদ্মা সেতুর কাজ দ্রুত এগিয়ে চলছে। পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের জানিয়েছেন, ‘লকডাউনের কারণে সেতুর মালামাল কনস্ট্রাকশন ইয়ার্ডে পৌঁছাতে সুবিধা হয়েছে। লকডাউনে যেহেতু পণ্যবাহী যানবাহন চলাচল স্বাভাবিক ছিল সেহেতু মালামাল পরিবহনে আমাদের অনেক সুবিধা হয়েছে। লকডাউনে সেতুর কাজের অগ্রগতি হয়েছে।’
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট খোঁজ নিয়ে জানা গেছে, গত ৩০ জুন পর্যন্ত পদ্মা সেতুর অগ্রগতি ৯৪ ভাগ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৮৭ ভাগ। সেতুর অবশিষ্ট কাজের মধ্যে রয়েছে রোডওয়ে স্ল্যাব, প্যারাপেট ওয়াল, স্ট্রিট লাইটিং ইত্যাদি। প্রায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি আগামী বছরের জুনে চালু হওয়ার কথা রয়েছে।





Users Today : 64
Views Today : 75
Total views : 177960
