নেদারল্যান্ডসের খ্যাতনামা অপরাধবিষয়ক প্রতিবেদক পিটার আর দে ভ্রাইসের (৬৪) ওপর হামলা চালানো হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। খবর রয়টার্স, আরটিএল (নেদারল্যান্ডস)।
স্থানীয় সময় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী শহর আমস্টারডামের লেইডসেপলেইন স্কয়ার এলাকার কাছে একটি সড়কে এ হামলা চালানো হয়। সন্ধ্যায় শহরে একটি টেলিভিশন চ্যানেলের স্টুডিও থেকে বের হওয়ার পর পিটারের শরীরে পাঁচটি গুলি করা হয়। এর একটি তাঁর মাথায় লাগে। এরপর থেকে ঘটনাস্থল ঘেরাও করে রেখেছে পুলিশ। সেখান থেকে তারা ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং নানা প্রমাণ সংগ্রহ করছে।
অনুসন্ধানী সাংবাদিকতার জন্য পিটার আর দে ভ্রাইস নেদারল্যান্ডসের আন্ডারওয়ার্ল্ডের অপরাধীদের কাছ থেকে বহুবার হুমকি পেয়েছেন। দেশটিতে তিনি ব্যাপক জনপ্রিয়। একই কারণে তাঁর ওপর চটে ছিল অনেক অপরাধীও।
আমস্টারডামের মেয়র ফেমকে হ্যালসেমা এক সংবাদ সম্মেলনে পিটারকে ‘জাতীয় নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন। মেয়র বলেন, ‘পিটার একজন সাহসী সাংবাদিক। তাঁর মতো কাউকে খুঁজে পাওয়া কঠিন। তিনি অক্লান্তভাবে সত্যের সন্ধান করে গেছেন।’
পিটারের ওপর হামলার ঘটনাকে ‘হতবাক করার মতো’ এবং ‘ধারণাতীত’ বলে উল্লেখ করেছেন ডাচ্ প্রধানমন্ত্রী মার্ক রুটে। তাঁর আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ করে প্রধানমন্ত্রী বলেন, এটি স্বাধীন সংবাদমাধ্যমের ওপর হামলা।
পিটার আর দে ভ্রাইস ২০০৮ সালে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগে অ্যামি অ্যাওয়ার্ড লাভ করেন। ২০০৫ সালে নেদারল্যান্ডসের অরুবা দ্বীপে কিশোরী নাটালি হলোওয়ে নিখোঁজের ঘটনায় অনুসন্ধানী সাংবাদিকতার জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হয়েছিল।





Users Today : 172
Views Today : 221
Total views : 191296
