জোয়ারের সামনে
তাদের কান ছিল
কিন্তু কিছুই শুনতে পাচ্ছিল না
জোয়ারের সামনে দাঁড়িয়ে
ফ্যালফেল ক’রে কাঁদছিল
দুপায়ের মাঝখানে
বালিতে ঢাকা ছিল গৃহশোক
শব্দসার
কোন সে শব্দ
জলের নীচ থেকে
তুলে আনতে গিয়েছিলে তুমি
পা কি জানে
গরম বালিতে পুড়ে
কীভাবে আর্তনাদ করে পিঁপড়ে
ছেলেমেয়েস্ত্রীবন্ধু
দিনভর এত কোলাহল
তবুও কি হৃদয়ে পৌঁছলো কিছু
ধূলিকনা
ধূলিকনা জানে
চোখের জল নোনা
ফুলের গন্ধ
বহন করে ভুল বার্তা
ধূলিকনা জানে
কেন বর্ষার দিনে
লেগে থাকে মৃত্যুউৎসব
রাত গভীর হলে
ধূলিকনা ছড়িয়ে পড়ে
খবরের চোখে
ছেঁড়াকাগজ
টবের সবুজ পাতার নীচে
হাতের লেখা কবেকার এক ছেঁড়াকাগজ
প’ড়ে আছে
মলিন অক্ষরগুলো আর
পড়া যাচ্ছে না
এই দৃশ্যের পাশ দিয়ে
হেঁটে যাচ্ছ তুমি
প্রিয় গিটার
প্রিয় গিটার
বন্দি হয়ে আছে কালো বাকশে
ঘরহারা কয়েকটি চড়ুইয়ের
সমবেত গান
রাতের ছাতার নীচে
ঝ’রে পড়ছে
ভিজে যাচ্ছে আমার
বিছানাবালিশ





Users Today : 94
Views Today : 103
Total views : 182252
