বিবর্তন ডেস্ক (বি. স.) ● বগুড়ায় আন্তঃজেলা ও উপজেলা যোগাযোগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ ৯ মে শনিবার সকালে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এ নির্দেশ আজ থেকেই কার্যকর হবে।
জেলা প্রশাসকের ফেসবুক পেজে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তঃজেলা ও উপজেলা যোগাযোগ/জনগণের চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে। এক উপজেলার লোক অন্য উপজেলায় এবং এক জেলার লোক অন্য জেলায় চলাচল করতে পারবে না। ঈদের ছুটিতে সবাইকে নিজ নিজ এলাকা/কর্মস্থলে থাকতে হবে। আন্তঃজেলা, উপজেলা ও বাড়িতে ভ্রমণ থেকে নিবৃত্ত করতে হবে।
প্রতিটি শপিং মলে প্রবেশের ক্ষেত্রে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারসহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মাস্ক ছাড়া কোনও ক্রেতা দোকানে প্রবেশ করতে পারবে না। সব বিক্রেতাকে মাস্ক ও গ্লাভস পরতে হবে। প্রতিটি শপিং মল ও বিপণি বিতানের সামনে সতর্কবাণী ‘স্বাস্থ্যবিধি না মানলে মৃত্যু ঝুঁকি আছে’ সম্বলিত ব্যানার টানাতে হবে।
হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিংমল সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ফুটপাতে বা প্রকাশ্য স্থানে হকার, ফেরিওয়ালা ও অস্থায়ী দোকান বসতে দেওয়া যাবে না। রাত ৮টা হতে সকাল ৬টা পর্যন্ত অতি জরুরি ছাড়া বাড়ির বাইরে আসা যাবে না। আগের মতো জরুরি পরিষেবা, কৃষিপণ্য, খাদ্য সামগ্রী, রফতানি সামগ্রী, ওষুধ পরিবহন কাজে সড়ক ও নৌপথে যানবাহন চলাচল অব্যাহত থাকবে। সব শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান বন্ধ থাকবে।





Users Today : 127
Views Today : 138
Total views : 182497
